ওসমান হাদি ও কাজী নজরুল ইসলামের কবরে তারেক রহমানের শ্রদ্ধা
ঢাকা প্রতিনিধিঃ
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক প্রয়াত শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন। পরে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরেও শ্রদ্ধা নিবেদন করেন।
আজ শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) বেলা সাড়ে ১১টার একটু আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে ওসমান হাদির কবরে পৌঁছান।
তারেক রহমান প্রথমে ওসমান হাদির কবরে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। এরপর তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং মহান এই কবির আত্মার শান্তি কামনায় দোয়া করেন।
এ সময় তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানসহ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত সময় সেখানে অবস্থান করে তারেক রহমান কবর প্রাঙ্গণ ত্যাগ করেন।






















