নলচিড়ায় নিম্ন নবদ্বীপ শ্রী শ্রী হরি ও দুর্গা মন্দিরে শারদীয় দুর্গোৎসব-২০২৬ এর আগাম প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া নিম্ন নবদ্বীপ শ্রী শ্রী হরি ও দুর্গা মন্দিরে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে আগাম প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে নলচিড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু তাপস বনিকের সভাপতিত্বে সভা শুরু হয়। এতে মন্দির পরিচালনা কমিটি ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় সনাতন ধর্মাবলম্বী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
সভায় বাবু তাপস বনিক আসন্ন শারদীয় দুর্গা পূজা সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তার অভিমত ব্যক্ত করেন এর মধ্যে পূজামণ্ডপের সাজসজ্জা, আলোকসজ্জা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, প্রতিমা স্থাপন, ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন।
সভায় মন্দির কমিটির সাধারন সম্পাদক বাবু খোকন কৃষ্ণ দাস, পূজা কমিটির সাধারন সম্পাদক বাবু সুব্রত চ্যার্টাজী,সহ- সভাপতি বাবু রনজিৎ রাহা,গোপাল রাহা ,পরিমল দাস, বিনয় কৃষ্ণ মজুমদার, মহিলা বিষয়ক সম্পাদক অনিতা রানী দাস,আরতী রানী অধিকারী, সংস্কৃতি সম্পাদক জয় দাস, প্রযুক্তি সম্পাদক গৌতম কর্মকার,যুগ্ম সাধারন সম্পাদক পলাস দাস বক্তব্য রাখেন। এছাড়া পূজা কমিটির অন্যান্য নেতৃবিন্দ তাদের মতামত প্রদান করেন। বক্তারা বলেন শারদীয় দুর্গা পূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়, এটি বাঙ্গালী আবহমান ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম প্রতীক। তাই ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে আনন্দ-উৎসবের মধ্য দিয়ে দুর্গা পূজা উদযাপনের পাশাপাশি সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে অভিমত ব্যক্ত করেন।
এ সময় সভাপতি বাবু তাপস বনিক পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি পূজার আগে থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে দর্শনার্থীদের জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রস্তুতি সভায় আয়োজকরা জানান, নলচিড়া নিম্ন নবদ্বীপ শ্রী শ্রী হরি ও দুর্গা মন্দিরে প্রতি বছরের মতো এবারও উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পূজার সার্বিক আয়োজন সফল করতে মাননীয় মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন বক্তাগন।
সভা শেষে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করা হয়।



















