ফরিদপুরে অসহায় পরিবারকে ঘর, চিকিৎসা ও কর্মসংস্থানের ব্যবস্থা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষে ফরিদপুরে অসহায় লকাই বিশ্বাসের পরিবারের জন্য নবনির্মিত ঘর উপহার দেওয়া হয়েছে। পাশাপাশি অসহায় পরিবারের সদস্যদের চিকিৎসা সহায়তা এবং দুস্থ নারীদের সেলাই মেশিন ও কর্মসংস্থানের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
আজ ১৪ অক্টোবর ২০২৬, বুধবার ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেকের চর সর্বান্দিয়া এলাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় লকাই বিশ্বাসের পরিবারের সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে নতুন বাড়ির চাবি হস্তান্তর করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এ ছাড়া ১০ জন অসহায় নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। পাশাপাশি কয়েকটি পরিবারকে কর্মসংস্থান সৃষ্টি ও চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোরদাররেস আলী ইছা, সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনসহ স্থানীয় নেতৃবৃন্দ।



















