আগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ইউএনও আসমা উল হুসনা
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশ রক্ষা ও সবুজায়ন বাড়াতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন সুযোগ্য মানবিক বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা।
বুধবার (২৩ সেপ্টেম্বর ) দুপুরে বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের আগরপুর-লাশঘাটা সড়কে আউয়াল চৌকিদার বাড়ির সামনে ওই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
স্বেচ্ছাসেবী সংগঠন আগরপুর সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ওই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে ইউএনও আসমা উল হুসনা বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে হলে সবাইকে গাছ লাগাতে হবে।’
এসময় ইউএনও আরো বলেন, ‘পরিবেশ রক্ষায় পরিস্কার পরিচ্ছন্নতা এবং বৃক্ষরোপণের একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এই কর্মসূচিকে সফল করতে সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে। সকলে সামাজিক এবং নাগরিক দায়িত্ব পালনের মাধ্যমে দেশকে গড়ে তুলতে হবে।’
বৃক্ষরোপণ কর্মসূচিতে এসময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান খান হিমু, ইউপি সদস্য কাইউম হোসেন, মনিরুল ইসলাম খান, মমিন হাওলাদার, নাঈম হাওলাদার, মামুন খলিফা, আবু বক্কর ছিদ্দিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পরিবেশপ্রেমী নাগরিকরা।
এসময় আগরপুর-লাশঘাটা সড়কের পাশে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে ইউএনও আগরপুর হাইস্কুল মাঠে শিক্ষার্থী খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ করেন। #








