বাবুগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ অভিযান শুরু করেছে সুজন
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় পরিস্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ অভিযান শুরু করেছে সুজন-সুশাসনের জন্য নাগরিক। শনিবার (১ আগস্ট) সুজন’এর বাবুগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বছরব্যাপী ওই কর্মসূচির বর্ণাঢ্য শুভ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চত্ত্বরে শপথ পাঠের মাধ্যমে ওই পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুজন-এর বরিশাল মহানগর শাখার সভাপতি বরিশাল শিক্ষাবোর্ডের সাবেক সচিব প্রফেসর আবদুল মোতালেব হাওলাদার এবং বাবুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. শাহ আলম।

সুজন-এর বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি সৈয়দ রাশিদা মোশারফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন সুজন সম্পাদক বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি আরিফ আহমেদ মুন্না। এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবদুর রউফ, উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. কামাল হোসেন, সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আবদুর রহমান সন্ন্যামত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা ইয়াসমিন ডলি, বিডি ক্লিন বরিশালের আঞ্চলিক সমন্বয়কারী জায়েদ ইরফান, রহমতপুর ইউপি চেয়ারম্যান সুমন সিকদার প্রমুখ। এছাড়াও সুজন-এর বাবুগঞ্জ উপজেলা শাখার সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে এসময় উপস্থিত ছিলেন রাকুদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান তালেব, ডিক্রিরচর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ.এম ইউসুফ আলী, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক শাহিন মাহমুদ, বরিশাল জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইমরান হোসেন মোল্লা, পূর্ব হোসনাবাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাইফুল রহিম, সুজন-এর জাহাঙ্গীরনগর ইউনিয়ন শাখার সভাপতি সমাজসেবক হারুন অর রশিদ, মাধবপাশা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফুর রহমান, বিমানবন্দর প্রেসক্লাবের প্রচার সম্পাদক সাংবাদিক মহিউদ্দিন খাঁন রানা প্রমুখ।

উদ্বোধনী দিনে বাবুগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বর ও এর আশেপাশের এলাকার ময়লা আবর্জনা এবং ঝোপজঙ্গল পরিস্কার করা হয়। বাবুগঞ্জ উপজেলা সুজন কমিটির সম্পাদক সাংবাদিক আরিফ আহমেদ মুন্না জানান, ‘সুজন-এর এই পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি বছরব্যাপী চলমান থাকবে। প্রথম পর্যায়ে উপজেলার সকল হাট-বাজার ও স্টেশনে প্রতি সপ্তাহে একদিন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ময়লা আবর্জনা পরিস্কার করা হবে। যেখানে ডাস্টবিন নেই সেখানে উপজেলা প্রশাসনের সহায়তায় স্থায়ী ডাস্টবিন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে এবং একইসাথে ডাস্টবিন ব্যবহারে জনগণকে সচেতন ও উদ্বুদ্ধ করা হবে। এর পাশাপাশি পর্যায়ক্রমে উপজেলার প্রত্যেকটা স্কুল এবং কলেজে সপ্তাহের প্রত্যেক বৃহস্পতিবার শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাস ক্লিন কর্মসূচি পালন করা হবে। এছাড়াও উপজেলার ৭টি খাল পর্যায়ক্রমে পরিস্কার এবং দখলমুক্ত করার মেগা পরিকল্পনা হাতে নিয়েছে সুজন। সুজন-এর এসব কর্মসূচি বাস্তবায়নে আইনি সহায়তা দেবে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন এবং মাঠপর্যায়ে টেকনিক্যাল সহায়তা দেবে বিডি ক্লিন। #




















