বরিশালের নবাগত জেলা প্রশাসক মামুন খন্দকার
গৌরনদী প্রতিনিধি:
বরিশালের গৌরনদীতে পালরদী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের শপথ পাঠ করিয়েছেন বরিশালের নবাগত জেলা প্রশাসক মো. মামুন খন্দকার।
সোমবার (২৪ আগস্ট) পালরদী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের দেশপ্রেম, সততা, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। এ সময় শিক্ষার্থীরা দেশের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে শপথ গ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহিম এবং গৌরনদী মডেল থানার ইনচার্জ তারেক হাসান রাসেলসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
শপথ পাঠ অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মামুন খন্দকার শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আগামী দিনের বাংলাদেশ গড়ে তোলার দায়িত্ব তরুণ প্রজন্মের। পড়াশোনার পাশাপাশি দেশ ও সমাজের প্রতি দায়িত্ববোধ, শৃঙ্খলা, সততা এবং মানুষের প্রতি শ্রদ্ধাবোধ গড়ে তুলতে হবে।
নবাগত জেলা প্রশাসকের উপস্থিতিতে আয়োজিত এ শপথ অনুষ্ঠান শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে। শিক্ষার্থীরা ভবিষ্যতে নিজেদের যোগ্য, সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।






























