বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
বাবুগঞ্জ প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বাবুগঞ্জ থানা পুলিশ।
সোমবার (২৪ আগস্ট ২০২৬) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে বাবুগঞ্জ থানাধীন দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া সাকিনস্থ নতুনহাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৯ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বরিশাল জেলার পুলিশ সুপার এ, জেড, এম মুস্তাফিজুর রহমানের সুনির্দিষ্ট দিকনির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার, বাকেরগঞ্জ সার্কেলের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন বাবুগঞ্জ থানার আগরপুর তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) মোঃ দেলোয়ার হোসেন পিপিএম। তার সঙ্গে থাকা পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেন।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
বাবুগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।


































