আবাসিক মাদরাসার কক্ষে ছাত্রীর রহস্যজনক মৃত্যু
স্টাফ রিপোর্টারঃ
বরিশালের গৌরনদী উপজেলার একটি আবাসিক মাদরাসার কক্ষ থেকে জান্নাতুল ফেরদাউজ (১১) নামে এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হলেও, মৃত্যুকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, ঘটনাটি সুষ্ঠুভাবে তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটন করা হোক।
সোমবার (২০ জুলাই) দিবাগত রাতে উপজেলার গেরাকুল গ্রামের সীমান্তবর্তী কাসেমাবাদ এলাকায় অবস্থিত মিফতাহুল জান্নাহ হিফজুল কুরআন মডেল মহিলা মাদরাসায় এ ঘটনা ঘটে।
নিহত জান্নাতুল ফেরদাউজ রাজশাহীর নওগাঁ জেলার আত্রাই উপজেলার নালুয়া গ্রামের সৌদি প্রবাসী মো. সান্টুর মেয়ে। তবে শৈশব থেকেই সে তার নানা বাড়ি গৌরনদীর কাসেমাবাদ গ্রামে বসবাস করছিল এবং ওই মাদরাসার নাজেরা বিভাগে অধ্যয়নরত ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের নভেম্বর মাসে কাসেমাবাদ এলাকায় ভাড়া বাসায় আবাসিক এই মাদরাসাটি প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে দুইজন নারী শিক্ষিকার তত্ত্বাবধানে প্রায় ১৫ জন ছাত্রী সেখানে আবাসিকভাবে লেখাপড়া করছে।
মাদরাসার কয়েকজন ছাত্রীর ভাষ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যার পর একটি কক্ষ দীর্ঘ সময় ধরে ভেতর থেকে বন্ধ থাকায় তাদের সন্দেহ হয়। পরে জানালার কাঁচ দিয়ে উঁকি দিয়ে তারা দেখতে পায়, একজন ছাত্রী জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে আছে। বিষয়টি দেখে তারা চিৎকার করলে দায়িত্বরত শিক্ষিকা ও স্থানীয়রা এসে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করেন। পরে জান্নাতুলকে নিচে নামিয়ে দেখেন, সে আর জীবিত নেই।
নিহতের মা সুর্বনা বেগম জানান, স্বামী বিদেশে থাকায় তিনি দুই মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন। জান্নাতুল ওই মাদরাসার আবাসিক ছাত্রী ছিল। তিনি মেয়ের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রশাসনের নিরপেক্ষ তদন্ত দাবি করেন।
খবর পেয়ে গৌরনদী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজনরা মাদরাসায় ছুটে আসেন। তাদের আহাজারিতে সেখানে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের পাশাপাশি নিহতের পরিবারও ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।





























