ডাসারে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল মতিন ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুর জেলার ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের পূয়ালী গ্রাম। এই জনপদে আর্তমানবতার সেবায় এক উজ্জ্বল নাম ‘বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল মতিন ফাউন্ডেশন’। মালয়েশিয়া প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ আলী আব্দুল্লাহ রানার নিজস্ব অর্থায়নে পরিচালিত এই ফাউন্ডেশন প্রতিবছরের ন্যায় এবারও আয়োজন করেছে বিশাল ইফতার ও দোয়া মাহফিলের।
৬ মার্চ শুক্রবার বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে ঢল নামে সাধারণ মানুষের। ১২০০ রোজাদারের জন্য প্রস্তুত করা হয় ইফতারি। মাহফিলে অংশ নেন ডাসার উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক, আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।কেবল ইফতার মাহফিলই নয়, সারা বছরই অসহায় মানুষের পাশে ঢাল হয়ে দাঁড়ায় এই ফাউন্ডেশন। প্রতিষ্ঠাতা সৈয়দ আলী আব্দুল্লাহ রানার সরাসরি তত্ত্বাবধানে মসজিদ-মাদ্রাসা উন্নয়ন, দরিদ্রদের জন্য ঘর নির্মাণ, অসুস্থ রোগীদের আর্থিক সহায়তা এবং পঙ্গুদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয় নিয়মিত।
পাশাপাশি নওমুসলিম পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণের মতো মানবিক কাজগুলো ফাউন্ডেশনটিকে সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত করেছে। স্থানীয়রা জানান, এই ফাউন্ডেশনের মাধ্যমেই এলাকার অর্থনৈতিক ও সামাজিক চিত্র বদলে যাচ্ছে।দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। প্রবাসে থেকেও নাড়ির টানে এবং বীর মুক্তিযোদ্ধার স্মৃতি রক্ষার্থে সৈয়দ আলী আব্দুল্লাহ রানার এই উদ্যোগ দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন এলাকাবাসী।



















