জনবান্ধব প্রশাসন, দ্রুত সেবা ও উন্নয়নে গৌরনদীবাসীর আস্থার প্রতীক ইউএনও মো. ইব্রাহীম
নাসির উদ্দিন সৈকত ঃ
বরিশালের গৌরনদী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম দায়িত্ব গ্রহণের পর থেকে জনবান্ধব প্রশাসন, দ্রুত জনসেবা, সুশাসন, সরকারি সম্পদের সুরক্ষা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন বলে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অভিমত।
স্থানীয়দের মতে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বমুহূর্তে গৌরনদীতে যোগদানের পর থেকেই তিনি নিরপেক্ষ, দায়িত্বশীল ও দক্ষ প্রশাসনিক নেতৃত্বের পরিচয় দেন। নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, প্রশাসনিক কার্যক্রম সমন্বয় এবং নির্বাচন কমিশনের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে একটি সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তার পাশাপাশি গৌরনদী পৌরসভার প্রশাসকের দায়িত্বও পালন করছেন তিনি। দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব একযোগে পালন করেও প্রশাসনের কার্যক্রমে গতিশীলতা ও সেবার ধারাবাহিকতা বজায় রাখায় তিনি স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন।
সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার বিষয়ে তিনি আন্তরিকতার সঙ্গে শুনে দ্রুত সমাধানের উদ্যোগ নেন বলে জানান সেবাপ্রত্যাশীরা। অযথা হয়রানি কমিয়ে দ্রুত সেবা নিশ্চিত করতে বিভিন্ন সরকারি দপ্তরের সঙ্গে নিয়মিত সমন্বয় করছেন তিনি।
সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কৃষি সহায়তা, মৎস্যজীবীদের খাদ্যশস্য বিতরণ, ঈদ উপলক্ষে সরকারি সহায়তা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রম বাস্তবায়নেও তাঁর সক্রিয় ভূমিকার কথা উল্লেখ করেন স্থানীয়রা। তাদের ভাষ্য, প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সুবিধা পৌঁছে দিতে তিনি মাঠপর্যায়ে সরেজমিন তদারকি ও যাচাই-বাছাই করে থাকেন।
এছাড়া টিআর, কাবিখা, কাবিটাসহ বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গুণগত মান নিশ্চিত করতে তিনি নিয়মিত তদারকি করছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
স্থানীয়দের দাবি, তাঁর দায়িত্ব গ্রহণের পর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন এসেছে। কৃষি, ভূমি, সমাজসেবা, সমবায়সহ বিভিন্ন সরকারি দপ্তরে সেবার মান বৃদ্ধি পেয়েছে এবং সাধারণ মানুষ আগের তুলনায় দ্রুত সেবা পাচ্ছেন।
অপরাধ নিয়ন্ত্রণ, সরকারি সম্পদ রক্ষা এবং ভূমি দখল প্রতিরোধেও তিনি কঠোর অবস্থান নিয়েছেন বলে স্থানীয়দের অভিমত। সরকারি জমি উদ্ধার, অবৈধ দখলমুক্তকরণ এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নিয়মিত প্রশাসনিক অভিযান পরিচালনা করা হচ্ছে তাঁর নেতৃত্বে।
সম্প্রতি নলচিড়া ইউনিয়নের গরঙ্গল-বোরাদী মৌজায় উদ্ধার হওয়া প্রায় ১৫ একর নদীসংলগ্ন সরকারি জমিতে একটি পরিবেশবান্ধব ইকোপার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে প্রায় ২০০টি শিমুল গাছের চারা রোপণ করা হয়েছে এবং প্রবেশপথ নির্মাণের কাজও এগিয়ে চলছে। স্থানীয়দের প্রত্যাশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে গৌরনদীতে একটি আধুনিক বিনোদন ও পরিবেশ সংরক্ষণকেন্দ্র গড়ে উঠবে।
জাতীয় দিবস উদযাপনেও উপজেলা প্রশাসনের উদ্যোগ ব্যাপক প্রশংসিত হয়েছে। সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, আহত আন্দোলনকারী এবং সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা কর্মসূচির আয়োজন করে অংশগ্রহণমূলক প্রশাসনের একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে উপজেলা প্রশাসন।
পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, সরকারি সম্পদ রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধিতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন ইউএনও মো. ইব্রাহীম। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও প্রশাসনিক কর্মসূচিতে তাঁর সরাসরি অংশগ্রহণ এবং সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত মতবিনিময় তাঁকে একজন সহজপ্রাপ্য ও জনবান্ধব প্রশাসনিক কর্মকর্তা হিসেবে পরিচিত করেছে বলে স্থানীয়দের অভিমত।
স্থানীয় সচেতন মহলের মতে, একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব শুধু প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় সীমাবদ্ধ নয়; বরং জনসেবা, সুশাসন, উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং জনগণের আস্থা অর্জনও সমান গুরুত্বপূর্ণ। এসব ক্ষেত্রেই ইউএনও মো. ইব্রাহীম দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকা পালন করে চলেছেন।
গৌরনদীবাসীর প্রত্যাশা, জনমুখী প্রশাসন, উন্নয়ন কার্যক্রমের গতি এবং স্বচ্ছতা-জবাবদিহিতার এই ধারা অব্যাহত থাকলে গৌরনদী উপজেলা ভবিষ্যতে একটি আধুনিক, সুশৃঙ্খল ও নাগরিকবান্ধব প্রশাসনিক মডেল হিসেবে আরও সমৃদ্ধ হয়ে উঠবে।





























