শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুরে শ্রদ্ধা নিবেদন করলেন বিমান বাহিনী প্রধান
কালের ধারা নিউজঃ
আজ ১৪ ডিসেম্বর ২০২৫, শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজধানীর মিরপুরে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এ উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, সম্মানিত সেনা ও নৌবাহিনী প্রধানগণের সঙ্গে শ্রদ্ধা জানান বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি।
সকালে স্মৃতিসৌধ প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়। এ সময় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধে সংরক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন বিমান বাহিনী প্রধান।
এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, ১৯৭১ সালের এই দিনে জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন দেশের শ্রেষ্ঠ শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, সাহিত্যিক ও বুদ্ধিজীবীরা। তাঁদের ত্যাগের বিনিময়েই আমরা পেয়েছি স্বাধীনতা ও সার্বভৌম বাংলাদেশ।
তিনি আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও দেশপ্রেম থেকে অনুপ্রেরণা নিয়ে বাংলাদেশ বিমান বাহিনী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আকাশসীমা রক্ষায় সর্বদা পেশাদারিত্ব, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে গৃহীত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে দেশের সর্বস্তরের মানুষ এ দিনটি গভীর শ্রদ্ধা, শোক ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করে।

































