ঈদকে সামনে রেখে গৌরনদীতে নিরাপত্তা জোরদার, বাসস্ট্যান্ড এলাকা পরিদর্শনে রেঞ্জ ডিআইজি
নাসির উদ্দিন সৈকতঃ
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে তৎপরতা জোরদার করেছে পুলিশ প্রশাসন। এরই অংশ হিসেবে বরিশাল জেলার রেঞ্জ ডিআইজি জনাব মোস্তাফিজুর রহমান জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করছেন।
তারই ধারাবাহিকতায় আজ বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে তিনি গৌরনদী বাসস্ট্যান্ড এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন চলাচল এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তারিক হাসান রাসেল, গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ শামীমসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।
ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, ঈদকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন, সে লক্ষ্যে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি সকলকে আইন মেনে চলার আহ্বান জানান এবং যেকোনো সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে পুলিশকে অবহিত করার জন্য জনগণের প্রতি অনুরোধ জানান।
পুলিশ প্রশাসনের এমন তৎপরতায় ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।



























