নেছারাবাদে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি
সোহেল রায়হান, জেলা প্রতিনিধি (পিরোজপুর)
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে পূবালী ব্যাংক পিএলসি, মিয়ারহাট শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির আওতায় বৃহস্পতিবার (৩০ জুলাই, ২০২৬) নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের বাটনাতলা এলাকার ই.এস.পি. ইনস্টিটিউশন এবং জন সম্মিলনী প্রবেশিকা বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের উদ্দেশ্যে পূবালী ব্যাংক পিএলসি, মিয়ারহাট শাখার ব্যবস্থাপক মু. মুজাফফর হোসেন বলেন, “বৃক্ষ আমাদের পরিবেশ ও জীবনের অপরিহার্য অংশ। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, বরং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যেকের উচিত অন্তত একটি করে গাছ রোপণ ও তার পরিচর্যা করা।”
তিনি আরও বলেন, পূবালী ব্যাংক পিএলসি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নিয়মিত পরিবেশবান্ধব ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায় এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
কর্মসূচিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


























