অপরাজিতা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, তিন শতাধিক রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে সমাজসেবামূলক সংগঠন অপরাজিতা ফাউন্ডেশন-এর উদ্যোগে দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানবিক এ আয়োজনে প্রায় তিন শতাধিক রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্যপরামর্শ ও প্রয়োজনীয় ব্যবস্থাপত্র প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বয়সের নারী, পুরুষ ও শিশু চিকিৎসাসেবা গ্রহণ করেন। পাশাপাশি আগত সাধারণ মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। ফলে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও সাড়া দেখা যায়।
আয়োজকরা জানান, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু বক্কর তালুকদার। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “মানুষের সেবাই সর্বোচ্চ মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবান ও সচেতন মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন, তাহলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব।”
এ সময় অপরাজিতা ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, স্বেচ্ছাসেবক, চিকিৎসক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা এমন মহৎ ও জনকল্যাণমূলক উদ্যোগের জন্য অপরাজিতা ফাউন্ডেশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের আহ্বান জানান।































