এক মাসে ৯টি হারানো মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করল বানারীপাড়া থানা পুলিশ
বানারীপাড়া (বরিশাল):
বানারীপাড়া থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরি (জিডি) অনুসন্ধানের সূত্র ধরে মাত্র এক মাসের ব্যবধানে ৯টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে বানারীপাড়া থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, আধুনিক প্রযুক্তিগত সহায়তা ও নিয়মিত অনুসন্ধান কার্যক্রমের মাধ্যমে মোবাইলগুলো শনাক্ত ও উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধারকৃত মোবাইলগুলো যথাযথ যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
এ বিষয়ে বানারীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, “প্রযুক্তির সঠিক ব্যবহার এবং জিডির তথ্য বিশ্লেষণের মাধ্যমেই মোবাইলগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে। সাধারণ মানুষকে আরও সচেতন হতে হবে। বিশেষ করে সঠিক কাগজপত্র ছাড়া ব্যবহৃত মোবাইল কেনা থেকে বিরত থাকলে অপরাধ দমন কার্যক্রম আরও সহজ হবে।”
পুলিশের এই উদ্যোগে এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ পেয়েছে। অনেকেই হারানো সম্পদ ফিরে পেয়ে বানারীপাড়া থানা পুলিশের ভূয়সী প্রশংসা করেন।
হারানো মোবাইল উদ্ধারে প্রশংসনীয় এই উদ্যোগের জন্য বানারীপাড়া থানার এসআই শরিফুল ইসলামকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সংশ্লিষ্ট মোবাইলের মালিকসহ স্থানীয় সচেতন মহল।



















