শেখ হাসিনার পক্ষে আইনি লড়াইয়ে সরে দাঁড়ালেন জেড আই খান পান্না
স্টাফ রিপোর্টার:
বঙ্গবন্ধুকন্যা ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার পক্ষে আদালতে লড়াই করতে প্রবীণ আইনজীবী জেড আই খান পান্না আবেদন করেছিলেন এবং আদালত সেই আবেদন মঞ্জুরও করেছিল। তবে ‘ক্যাঙ্গারু কোর্ট’ হিসেবে পরিচিত এ আদালতের প্রতি শেখ হাসিনার অনাস্থা থাকায় শেষ পর্যন্ত তিনি আইনি লড়াই থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
জানা যায়, আদালতে নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি থাকা সত্ত্বেও শেখ হাসিনার পক্ষ থেকে কার্যকর নির্দেশনা না পাওয়ায় এবং বিচার প্রক্রিয়ার প্রতি আস্থাহীনতার বিষয়টি সামনে আসায় জেড আই খান পান্না তার দায়িত্ব থেকে নিজেকে প্রত্যাহার করেন। তিনি মনে করেন, আস্থাহীনতার পরিবেশে লড়াই চালিয়ে যাওয়া শোভন নয় এবং এতে আইনি কৌশল দুর্বল হয়ে পড়তে পারে।
আইনি মহল বলছে, দেশের এক বিশিষ্ট সিনিয়র আইনজীবীর এই সিদ্ধান্ত চলমান আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। একই সঙ্গে বিচার প্রক্রিয়া ও রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে বিষয়টি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।






















