বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেছারাবাদে বর্ণাঢ্য র্যালি ও আনন্দ মিছিল
সোহেল রায়হান, জেলা প্রতিনিধি (পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টার দিকে নেছারাবাদ উপজেলা, স্বরূপকাঠী পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিটি উপজেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে স্বরূপকাঠী পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। র্যালিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন দেখা যায় এবং বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পৌর এলাকার প্রধান প্রধান সড়কগুলো।
আনন্দ মিছিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহম্মেদ সোহেল মঞ্জুর।
মিছিলে নেতৃত্বদানকারী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন—ফাকরুল আলম, সাবেক সভাপতি, নেছারাবাদ উপজেলা বিএনপি; শফিকুল ইসলাম ফরিদ, সাবেক মেয়র, স্বরূপকাঠী পৌরসভা; আলহাজ্ব আব্দুল্লাহ আল বেরুনী সৈকত, সাবেক সদস্য সচিব, নেছারাবাদ উপজেলা বিএনপি; নাসির উদ্দীন তালুকদার, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, নেছারাবাদ উপজেলা বিএনপি; মাঈনুল হাসান, স্বরূপকাঠী পৌর বিএনপি; অহিদুজ্জামান মানিক, সাবেক যুগ্ম আহ্বায়ক, স্বরূপকাঠী পৌর বিএনপি।
এছাড়াও সাবেক যুগ্ম আহ্বায়ক নেছারাবাদ উপজেলা বিএনপির আতিকুল ইসলাম লিটু, আজহারুল ইসলাম টুটুল, তাওহিদুল ইসলাম, সেলিম রেজা, সোহাগ মিয়া, সোহেল মৃধা, মুসফিক সোহেল, রাজিব রায়হান, জাহিদুল ইসলাম জাহিদ, যুগ্ম আহ্বায়ক নেছারাবাদ উপজেলা যুবদল; তপু রায়হান; আহবায়ক, নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবক দল; এমরান হোসেন সজিব আহবায়ক, নেছারাবাদ উপজেলা ছাত্রদল সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীরা দলের দীর্ঘ রাজনৈতিক পথচলার বিভিন্ন স্মৃতিচারণ করেন। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই দলটি বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতির কথা তুলে ধরে আসছে।
দলের নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, প্রতিষ্ঠার পর থেকে বিএনপি বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিভিন্ন সময়ে দলটি সরকার পরিচালনার পাশাপাশি বিরোধী দল হিসেবেও রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছে। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন এবং পরবর্তীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামের স্মৃতিও প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে তুলে ধরা হয়।
নেতাকর্মীরা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনন্দ-উৎসবের দিন নয়; এটি দলের অতীতের রাজনৈতিক সংগ্রাম, অর্জন ও ত্যাগকে স্মরণ করার দিন। একই সঙ্গে ভবিষ্যতের রাজনৈতিক কর্মসূচি ও সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করার দিন।
নেছারাবাদ উপজেলা বিএনপির নেতারা বলেন, বিএনপির ৪৮ বছরের রাজনৈতিক ইতিহাসে বহু নেতাকর্মী বিভিন্ন সময় আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন। তাদের ত্যাগ ও ভূমিকা দলের সাংগঠনিক ভিত্তিকে শক্তিশালী করেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে তারা গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার এবং দেশের উন্নয়ন ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।



















