বাবুগঞ্জে শান্তিপূর্ণ সহাবস্থান ও সামাজিক সম্প্রীতি রক্ষায় নাগরিক সংলাপ
‘সংঘাত নয়, সম্প্রীতির বাংলাদেশ গড়ি’-এ স্লোগানকে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতা প্রতিরোধ, শান্তিপূর্ণ সহাবস্থান ও সামাজিক সম্প্রীতি রক্ষায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) যৌথ উদ্যোগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইউএনও’র কনফারেন্স রুমে ওই নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে প্রধান অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুর রহমান সন্ন্যামত। বিশেষ অতিথি ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের বরিশাল বিভাগীয় সমন্বয়কারী মেহের আফরোজ মিতা।
বাবুগঞ্জ উপজেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন) কমিটির সভাপতি প্রধান শিক্ষক সেলিম রেজার সভাপতিত্বে ওই নাগরিক সংলাপ সঞ্চালনা করেন সুজন সম্পাদক ও পিএফজি’র পিস অ্যাম্বাসেডর সাংবাদিক আরিফ আহমেদ মুন্না। সংলাপে বক্তব্য রাখেন বাবুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শাহে আলম, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবদুল করিম হাওলাদার, বাবুগঞ্জ উপজেলা সুজন কমিটির সহ-সভাপতি প্রধান শিক্ষক সাইদুর রহমান তালেব, সিনিয়র শিক্ষক এনায়েত করিম ফারুক, পিএফজি সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল হালিম হাওলাদার, হানিফ খান, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মহসিন উদ্দিন শামীম, জাতীয় পার্টির নেতা জাকির হোসেন, বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আজিজুল হক, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মাহমুদুল হাসান লিমন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আতিকুর রহমান আল-আমিন, জামায়াতে ইসলামীর যুব বিভাগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুম বিল্লাহ, ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাফেজ মুহাম্মদ আবদুল্লাহ, উপজেলা সুজন কমিটির সদস্য আবু হানিফ ফকির, আল-আমিন শেখ, অ্যাডভোকেট ইমরান হোসেন মোল্লা, বাবুগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আল-আমিন হাওলাদার, বিমানবন্দর প্রেসক্লাবের প্রচার সম্পাদক মহিউদ্দিন খান রানা, সদস্য আলিফ হাসান সাব্বির, ইয়্যুথ লিডার শামসুন্নাহার অর্পা, শিক্ষার্থী প্রতিনিধি জান্নাতুল আনিকা প্রমুখ।
সংলাপে প্রধান অতিথির বক্তৃতাকালে বাবুগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুর রহমান সন্ন্যামত বলেন, ‘নির্বাচন পরবর্তী সময়ে রাজনৈতিক সহিংসতা, মাদক, বাল্যবিবাহ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে নাগরিক সমাজকে সচেতন ভূমিকা পালন করতে হবে। বাবুগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে।’ তিনি আরও বলেন, ‘দ্বিমত, ভিন্নমত এগুলো গণতন্ত্রের সৌন্দর্য। মতের ভিন্নতা থাকলেও তা যেন কখনোই সহিংসতায় রূপ না নেয়। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। রাজনৈতিক শিষ্টাচার, সহনশীলতা, পরমতসহিষ্ণুতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের চর্চার মাধ্যমে একটি স্থিতিশীল, জনকল্যাণমুখী ও গণতান্ত্রিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে। তাহলেই রাষ্ট্রের কাঙ্ক্ষিত উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠা সম্ভব।’ #



















