গৌরনদীতে ছিনতাই ও জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগে জনমনে উদ্বেগ
গৌরনদী প্রতিনিধি:
বরিশালের গৌরনদী উপজেলায় ছিনতাই, জিম্মি করে অর্থ আদায় এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, উপজেলার বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ কিছু কিশোর ও তরুণ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে শঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ঢাকা-বরিশাল মহাসড়ককে কেন্দ্র করে চলাচলকারী পথচারী ও যাত্রীদের টার্গেট করে ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এছাড়া কসবা, আল্লাহর মসজিদ এলাকা, টরকি, গৌরনদী ফিশারি গেটসহ কয়েকটি স্থানে বিভিন্ন সময় অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া যাচ্ছে।
ভুক্তভোগী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, একটি চক্র মাদক কেনাবেচার সঙ্গে জড়িত থাকলেও আরেকটি চক্র মাদক বহনকারীদের জিম্মি করে তাদের পরিবারের কাছে মোটা অঙ্কের অর্থ দাবি করে। অভিযোগ রয়েছে, দাবি অনুযায়ী টাকা না পেলে ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনাও ঘটছে।
স্থানীয় বাসিন্দারা আরও জানান, অভিযুক্তদের বিরুদ্ধে প্রতিবাদ বা অভিভাবকদের কাছে অভিযোগ করলে অনেক সময় উল্টো হুমকি কিংবা হামলার শিকার হতে হয়। ফলে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং অনেকেই ভয়ে মুখ খুলতে চান না।
এ বিষয়ে সচেতন মহল বলছেন, কিশোর অপরাধ দমনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজের সচেতন নাগরিক এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে অপরাধে জড়িতদের আইনের আওতায় এনে কিশোরদের পুনর্বাসন ও সচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণেরও দাবি জানিয়েছেন তারা।
তবে এ বিষয়ে গৌরনদী মডেল থানার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের আশা, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হলে অপরাধ নিয়ন্ত্রণে আসবে এবং জনমনে স্বস্তি ফিরে আসবে।

























