বাবুগঞ্জে বিলুপ্তপ্রায় প্রজাতির আহত গন্ধগোকুল উদ্ধার করলেন মাদ্রাসা শিক্ষক
বরিশালের বাবুগঞ্জে বিপন্ন প্রজাতির বিলুপ্তপ্রায় একটি আহত গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধায় কুকুরের আক্রমণ থেকে বিপন্ন প্রজাতির ওই গন্ধগোকুল উদ্ধার করেন বাবুগঞ্জ ক্বিরাআতুল কুরআন কওমী মাদ্রাসার শিক্ষক হাফেজ মুহাম্মাদ আবদুল্লাহ। প্রাথমিক চিকিৎসার পরে সোমবার প্রাণিটাকে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।
হাফেজ মুহাম্মাদ আবদুল্লাহ জানান, কুকুরের আক্রমণ ও ধাওয়া খেয়ে আহতাবস্থায় ওই গন্ধগোকুলটি উপজেলার রাজগুরু এলাকার ক্বিরাআতুল কোরআন কওমী মাদ্রাসায় ঢুকে পড়ে। এসময় তাকে মারার জন্য কয়েকটি কুকুর ঘিরে ধরেছিল। তাৎক্ষণিকভাবে হামলাকারীদের তাড়িয়ে আহত গন্ধগোকুলটি উদ্ধার করা হয়। কুকুরের কামড়ে প্রাণিটার শরীর এবং লেজ জখম হয়। পরে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাসহ বন বিভাগকে ঘটনাটি জানানো হয়।
বাবুগঞ্জ উপজেলা বন কর্মকর্তা মাসুম মোস্তফা কাওসার বলেন, ‘বিপন্ন এই গন্ধগোকুলটি এশিয়ান পাম সিভেট প্রজাতির। বনাঞ্চল ধ্বংস, নিরাপদ আবাস ও খাদ্যের অভাবসহ নানাবিধ কারণে এই সিভেট এখন প্রকৃতি থেকে বিলুপ্তপ্রায়। এই গন্ধগোকুল বা সিভেট আমাদের পরিবেশের জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্ধারকৃত এই বিপন্ন প্রাণিটাকে বনবিভাগের বরিশাল রেঞ্জ কার্যালয়ে নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা শেষে সম্পূর্ণ সুস্থ হওয়ার পরে নিরাপদ প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে। #



















