সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আর নেই
বাংলাদেশের রাজনীতির এক বর্ণাঢ্য অধ্যায়ের অবসান ঘটিয়ে না ফেরার দেশে চলে গেলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজ এবং দলের মিডিয়া সেলের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। জানানো হয়েছে, ফজরের নামাজের ঠিক পরেই তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার পাশে ছিলেন বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ ডা. জোবায়দা রহমান এবং পরিবারের অন্যান্য সদস্যসহ দলের শীর্ষ নেতারা।
বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ডায়াবেটিস এবং কিডনি জটিলতাসহ নানাবিধ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গত ২৩ নভেম্বর ফুসফুসের সংক্রমণ ও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকরা জানিয়েছেন, গতকাল সোমবার রাত থেকেই তার অবস্থা সংকটাপন্ন হতে শুরু করে এবং শেষ পর্যন্ত আজ ভোরে তিনি চিরবিদায় নেন।
তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথেই রাজনৈতিক অঙ্গনে এবং দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি ১৯৯১ থেকে ১৯৯৬ এবং ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিন মেয়াদে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর ১৯৮২ সালে তিনি বিএনপির হাল ধরেন এবং আপসহীন আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমা খালেদা জিয়ার জানাজার সময়সূচি ও দাফনের স্থান আগামীকাল বুধবার বাদ যোহর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে রাজধানীর হাসপাতাল প্রাঙ্গণে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ভিড় করছেন।



































