সাবেক অর্থমন্ত্রীর ছেলে রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান
স্টাফ রিপোর্টার
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে এবং বিশিষ্ট অর্থনীতিবিদ রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার (১ ডিসেম্বর ২০২৫) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে তিনি বিএনপিতে যুক্ত হন।
দলে যোগ দিয়ে রেজা কিবরিয়া বলেন, “বিএনপিতে যোগ দিতে পেরে আমি গর্বিত। আজকে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছি।”
এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমরা অত্যন্ত গর্বিত যে রেজা কিবরিয়া বিএনপিতে যোগ দিয়েছেন। আমাদের দলের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। তাকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি।”
রেজা কিবরিয়ার যুক্ত হওয়ায় বিএনপির নেতৃত্ব ও নীতিনির্ধারণী পরিসরে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করছে দলটির নেতারা।






















