গৌরনদীতে অসহায় শিশুদের নিয়ে মেহেদী উৎসব অনুষ্ঠিত
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের আনন্দ দিতে বরিশালের গৌরনদী উপজেলায় ব্যতিক্রমধর্মী মেহেদী উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টায় উপজেলার সরকারি আশ্রয় কেন্দ্রের গুচ্ছ গ্রামে এ আয়োজন করা হয়। সামাজিক সংগঠন গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাব (GBDC) এ উৎসবের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক কাজী সুজন,সহ-সভাপতি কাজী রুমান,শ্রাবনী দাস, সাধারণ সম্পাদক সানাউল হাওলাদার, অর্থ- সম্পাদক ইব্রাহিম খলিলুল্লাহ সহ সংগঠনের সদস্য বিন্দু উৎসবে অংশগ্রহণকারী শিশুদের হাতে রঙিন মেহেদী পরিয়ে দেওয়া হয় এবং তাদের সঙ্গে আনন্দঘন সময় কাটান অতিথিরা। পাশাপাশি শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহিম বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
আয়োজকরা জানান, ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে পৌঁছে দিতে তাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও তারা অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
উৎসবটি শিশুদের আনন্দ-উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে এবং উপস্থিত সবার মাঝে এক অনন্য মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে।






























