বাবুগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে মাতৃভাষা দিবস পালিত
বরিশালের বাবুগঞ্জে যথাযোগ্য মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ, প্রভাতফেরি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসন।
একুশের প্রথম প্রহরে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে বাবুগঞ্জ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা। এসময় উপজেলা প্রশাসন ছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ, বাবুগঞ্জ ও এয়ারপোর্ট থানা পুলিশ, বিএনপি, যুবদল, ছাত্রদল, পল্লী বিদ্যুৎ সমিতি, রাশেদ খান মেনন মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বাবুগঞ্জ ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি প্রভাতফেরি কেন্দ্রীয় শহীদ মিনার ঘুরে উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনার সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে অমর একুশের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার সরকার, বাবুগঞ্জ থানার উপ-পরিদর্শক ইকবাল কবির, বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি ও সুজন সম্পাদক আরিফ আহমেদ মুন্না এবং বাবুগঞ্জ দাখিল মাদ্রাসার শিক্ষার্থী জায়েদ খান।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুর রউফ, উপজেলা প্রকৌশলী কাজী ইমামুল হক আলীম, মৎস্য কর্মকর্তা নাজমুস সালেহীন, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা ইয়াসমিন ডলি, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান সন্ন্যামত, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন জোবায়দা আখতার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহিদুল ইসলাম, তথ্যআপা প্রকল্প কর্মকর্তা জিনিয়া আফরিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবদুল করিম হাওলাদার প্রমুখসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপজেলা শিশু একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত আবৃত্তি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সমাপনী বক্তৃতাকালে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা বলেন, ‘একুশে ফেব্রুয়ারি শুধু একটি তারিখ নয়, এটা বাঙালির স্বাধিকার, গৌরব ও আত্মমর্যাদার এক প্রতীক। পৃথিবীর অনেক দেশের মানুষ তাদের স্বাধীনতার জন্য জীবন দিলেও আমরাই একমাত্র গৌরবান্বিত জাতি, যারা ভাষার জন্য জীবন দিয়ে মাতৃভাষাকে বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত করেছি। আমাদের একুশে ফেব্রুয়ারি আজ বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। সিয়েরা লিওনে দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এটা আমাদের জন্য বিরল সম্মান এবং গৌরবের। তাই বাংলা ভাষার মর্যাদাকে সমুন্নত রেখে সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে হবে। সঠিক এবং শুদ্ধভাবে বাংলা বানান লেখা ও ব্যবহারের ক্ষেত্রে মনোযোগী হতে হবে।’

































