বিএনপির রাজনীতি থেকে সেচ্ছায় দল ত্যাগ
বরিশাল জেলা বিএনপির সদস্য ও বানারীপাড়া উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম মাহমুদ মাহাবুব মাস্টার দল থেকে পদত্যাগ করেছেন। এর মাধ্যমে জননন্দিত এই নেতা তাঁর দীর্ঘ চার দশকের বিএনপি রাজনীতির অধ্যায় শেষ করলেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে তিনি বরিশাল জেলা বিএনপি (দক্ষিণ)-এর সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর জেলা কমিটির সদস্য এবং উপজেলা শাখার সহসভাপতি পদ থেকে লিখিত অব্যাহতি পত্র জমা দেন। একই সঙ্গে তিনি তার পদত্যাগপত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও প্রকাশ করেন।
পদত্যাগপত্রে মাহাবুব মাস্টার উল্লেখ করেন, দীর্ঘ ৪০ বছর সুনাম ও নিষ্ঠার সঙ্গে জাতীয়তাবাদী দল বিএনপির একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে তিনি রাজনীতি করেছেন। এই দীর্ঘ সময়ে বিএনপির রাজনীতি করতে গিয়ে তাকে মামলা-হামলা, জেল, জুলুম, নিপীড়ন ও নির্যাতনের শিকার হতে হয়েছে। কিন্তু বর্তমানে তিনি নিজ দলেই লাঞ্ছিত, বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত হচ্ছেন—এ কারণেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
প্রসঙ্গত, গোলাম মাহমুদ মাহাবুব মাস্টার এর আগে বানারীপাড়া পৌর ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। গত বছরের জুলাই মাসে অনুষ্ঠিত বানারীপাড়া উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিলে তিনি সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন। তবে ওই কাউন্সিলে তাকে ২ নম্বর সহসভাপতি পদ দেওয়া হয়।



















