আশোকাঠীবাজারে সড়ক দখলমুক্ত রাখতে প্রশাসনের অভিযান, ৪ জনকে জরিমানা
গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) গৌরনদী উপজেলার আশোকাঠীবাজার এলাকায় মানুষ ও যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানকালে উপজেলার প্রধান সড়কের একটি অংশে ব্রীজ নির্মাণকাজ চলমান থাকায় সড়ক দখলমুক্ত রাখার গুরুত্ব সম্পর্কে বাজারের ব্যবসায়ীদের সচেতন করা হয়। এ সময় দোকানের সামনে ও সরকারি জমির ওপর অবৈধভাবে বর্ধিত অংশ নিজ দায়িত্বে অপসারণের জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানানো হয়। পাশাপাশি জানিয়ে দেওয়া হয়, নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ অংশ সরিয়ে না নিলে পৌরসভাকে সঙ্গে নিয়ে সরকারি জমিতে স্থাপিত অংশ ভেঙে ফেলা হবে।
অভিযানে সড়ক ও সরকারি জায়গা দখলের অভিযোগে আইন ভঙ্গকারী ৪ জনকে মোবাইল কোর্টের আওতায় সতর্কতামূলকভাবে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মোঃ মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, গৌরনদী। অভিযানে সার্বিক সহযোগিতা করেন গৌরনদী পৌরসভা, গৌরনদী মডেল থানা পুলিশ এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।
প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে সড়কসংলগ্ন আশোকাঠীবাজার এলাকাকে অবৈধ দখলমুক্ত রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।


























