মাদারীপুরে নবাগত পুলিশ সুপার এহতেশামুল হক মহোদয়ের যোগদান ও দায়িত্বভার গ্রহণ
মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুর জেলার নতুন পুলিশ সুপার জনাব এহতেশামুল হক মহোদয় আনুষ্ঠানিকভাবে তাঁর দায়িত্বভার গ্রহণ করেছেন। শনিবার তিনি পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে মাদারীপুর জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অভ্যর্থনা জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব জাহাঙ্গীর আলম।
নবাগত পুলিশ সুপারকে জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফোর্সদের সঙ্গে পরিচিত হন এবং আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
পরবর্তীতে মাদারীপুর পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অংশগ্রহণে বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন পুলিশ সুপার এহতেশামুল হক। প্যারেডে জেলা পুলিশের আটটি কন্টিনজেন্ট এবং সুসজ্জিত বাদক দল অংশগ্রহণ করে। প্যারেডের অধিনায়কের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (অপস্) জনাব বিমল চন্দ্র বর্মন।
পুলিশ সুপার মহোদয় প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের শারীরিক ফিটনেস, শৃঙ্খলা ও টার্নআউট অনুযায়ী জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন। তিনি জেলার সকল সদস্যদের উদ্দেশ্যে শৃঙ্খলা, ড্রেস রুলস, পেশাদারিত্ব ও জনসেবামূলক কার্যক্রম নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে মাদারীপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত।




















