নির্বাচন পরবর্তী সহিংসতা প্রতিরোধ ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় তরুণ সমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা
ইউএনওর নেতৃত্বে সম্প্রীতি প্রতিষ্ঠা ও মাদক-জুয়া প্রতিরোধের অঙ্গীকার ছাত্র-যুব নেতাদের
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং মাদক, জুয়াসহ বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধে কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করার অঙ্গীকার করেছেন উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র ও যুব সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে এবং সুজন-সুশাসনের জন্য নাগরিক কমিটির সহায়তায় ‘নির্বাচন পরবর্তী সহিংসতা প্রতিরোধ ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় তরুণ সমাজের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তারা এ প্রত্যয় ব্যক্ত করেছেন।
বাবুগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে সোমবার (২৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুর রহমান সন্ন্যামতের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিআরডিবি চেয়ারম্যান ও পিএফজি সদস্য আলমগীর হোসেন স্বপন।
বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি ও সুজন সম্পাদক আরিফ আহমেদ মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এলাকা সমন্বয়কারী হাদিউজ্জামান সুজন, বাবুগঞ্জ উপজেলা সুজনের সহ-সভাপতি প্রধান শিক্ষক সাইদুর রহমান তালেব, অর্থ সম্পাদক প্রভাষক মনিরুজ্জামান খোকন, পিএফজি সদস্য মাওলানা শেখ নজরুল ইসলাম মাহবুব, জাকির হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব এবায়দুল হক, ছাত্রদলের আহবায়ক আতিকুর রহমান আল-আমিন, সদস্য সচিব আরাফাত হোসেন মৃধা, জামায়াতে ইসলামীর যুব বিভাগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুম বিল্লাহ, ছাত্র শিবিরের সাবেক সভাপতি সৌরভ সরদার, ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাফেজ মোঃ আবদুল্লাহ, ছাত্র আন্দোলনের সভাপতি বেলাল হোসাইন সিয়াম, সুশীল সমাজের প্রতিনিধি ইঞ্জিনিয়ার মহসিন উদ্দিন শামীম, শিক্ষার্থী প্রতিনিধি শামসুন্নাহার অর্পা, রাদিফ হাসান আজিম প্রমুখ।
মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র ও যুব সংগঠনের নেতৃবৃন্দ, ইয়ুথ লিডার, সুজন ও পিএফজি সদস্য, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের অর্ধশতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। সভায় বক্তারা বলেন, ‘বাবুগঞ্জ উপজেলায় সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য হয়েছে। দীর্ঘদিন পরে জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। নির্বাচনের পরিবেশ এবং আইনশৃঙ্খলা রক্ষায় উপজেলা প্রশাসনের পদক্ষেপ ছিল প্রশংসনীয়। নির্বাচন পরবর্তী ছোটখাটো কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও বাবুগঞ্জে উল্লেখযোগ্য কোনো সহিংসতা হয়নি। তবে বাবুগঞ্জে মাদকের আগ্রাসন ভয়াবহ বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি বিভিন্ন জায়গায় গোপনে জুয়ার আসর বসছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মারাত্মক আকারে গুজব ছড়িয়ে পড়ছে। মাদক উদ্ধার এবং জুয়া বন্ধে প্রায় নিষ্ক্রিয় আইনশৃঙ্খলা বাহিনী। বেশিরভাগ ক্ষেত্রে তারা নিরব দর্শকের ভূমিকা পালন করছে।’
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দলে কিছু অতিউৎসাহী নেতাকর্মী থাকে। তাদের বিভিন্ন কর্মকান্ডের জন্য দলের বদনাম হয়। এরাই বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাই দল থেকে এদের দমন করা দরকার। নতুন বাংলাদেশের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাদকের বিরুদ্ধে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন জিরো টলারেন্স অবস্থানে আছে। মাদকের সাথে সম্পৃক্ততা পেলে সে যে দলেরই হোক তাকে ছাড় দেওয়া হবে না। মাদক, জুয়াসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে আপনারা সকলে নির্ভয়ে উপজেলা প্রশাসনকে তথ্য দেবেন। আপনাদের নাম-পরিচয় গোপন রাখা হবে। সবার সম্মিলিত সহযোগিতা পেলে সম্প্রীতি প্রতিষ্ঠা এবং সকল সামাজিক সমস্যা প্রতিরোধ করা সম্ভব। একটি সুন্দর বাবুগঞ্জ গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন।’


































