দেশকে নৈরাজ্য থেকে রক্ষা করতে পারে একমাত্র তারেক রহমান: জহির উদ্দিন স্বপন
বরিশাল অফিস
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন বলেছেন, আমরা যদি দেশকে একটি শৃঙ্খলিত অবস্থায় নিয়ে যেতে না পারি, তাহলে দেশে নৈরাজ্য সৃষ্টি হবে। এই নৈরাজ্য থেকে দেশকে রক্ষা করতে পারে একমাত্র দেশনায়ক তারেক রহমান।
তিনি আরও বলেন, দেশমাতা বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে তারেক রহমান ছাড়া আমাদের আর কোনো বিকল্প ভবিষ্যৎ নেই।
শনিবার (৩১ জানুয়ারি) বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।
জহির উদ্দিন স্বপন নাগরিকদের উদ্দেশে বলেন, যারা কোনোদিন ধানের শীষে ভোট দেননি, তাদের প্রতি বিশেষভাবে অনুরোধ—আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন। আপনাদের ভোট যেন কোনোভাবেই নষ্ট না হয়।
তিনি সতর্ক করে বলেন, দেশে নৈরাজ্য সৃষ্টি হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন অমুসলিম ভাইয়েরা। ধানের শীষ বিজয়ী হলে দেশে একটি প্রতিহিংসামুক্ত সরকার প্রতিষ্ঠিত হবে।
পথসভায় তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রদানের পাশাপাশি দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করা হবে। নারী ও কৃষিবান্ধব সরকার গঠনের মাধ্যমে শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে বলেও জানান তিনি।
জহির উদ্দিন স্বপন বলেন, যারা প্রবাসে যেতে আগ্রহী, তাদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করে বিদেশে পাঠানো হবে। ভবিষ্যতের সরকার হবে না প্রতিহিংসা কিংবা কান্নাকাটির সরকার—ভবিষ্যতের সরকার হবে জনগণের কল্যাণকামী সরকার। যার নেতা হবেন দেশনায়ক তারেক রহমান।



















