এনসিপি নেতার শান্তির বার্তা: “পাথর মারলে ফুল, গালি দিলে সালাম দেব”
কুমিল্লা প্রতিনিধিঃ
এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “কেউ আমাদের পাথর মারলে আমরা তাকে ফুল দিয়ে বরণ করব। কেউ গালি দিলে সালাম দেব। কেউ সমালোচনা করলে হাসিমুখে মেনে নেবো। বাকিটা আল্লাহর হাতে। আপনারা বিভেদে যাবেন না।”
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভানী ও সুলতানপুর ইউনিয়নে এনসিপির পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এ সময় তার সঙ্গে স্থানীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি ও বিপুল সংখ্যক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন,
“রাজনীতিতে ভিন্নমত থাকতে পারে, কিন্তু বিদ্বেষ নয়। জনগণের ভালোবাসা অর্জন করতে হলে শান্তি, সহনশীলতা এবং সম্মানের রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। আমরা কাউকে প্রতিপক্ষ নয়, বরং মানুষের সেবক হিসেবে দেখি।”
তিনি সকলকে উসকানি, অপপ্রচার ও সংঘাতে না জড়িয়ে ঐক্যবদ্ধভাবে উন্নয়ন ও দেশসেবায় কাজ করার আহ্বান জানান।
পদযাত্রা শেষে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।




















