শালিখায় ভ্যান চালকদের রাস্তা অবরোধ, ৩ ঘণ্টা স্থবির যোগাযোগ
বিশেষ প্রতিনিধি: সুবির ঘোষঃ
মাগুরার শালিখায় ভ্যানচালককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে সড়ক অবরোধ করেছে স্থানীয় ভ্যানচালকরা। সোমবার (১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে শালিখা উপজেলার আড়পাড়া–কালিগঞ্জ সড়কের উজগ্রাম এলাকায় কয়েক শত ভ্যানচালক তাদের যানবাহন রাস্তায় রেখে আন্দোলন শুরু করেন। প্রায় তিন ঘণ্টাব্যাপী এ অবরোধে সড়কের উভয় পাশে শত শত যাত্রী আটকে পড়েন।
অবরোধকারীরা জানান, সকালে আড়পাড়া বাজার থেকে যাত্রী নেওয়াকে কেন্দ্র করে টিওরখালী গ্রামের এক ভ্যানচালককে আড়পাড়া গ্রামের যুবক মিজানুর কাজি মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। বিষয়টি সহকর্মী ভ্যানচালকদের জানালে তারা ক্ষুব্ধ হয়ে উজগ্রাম এলাকায় একত্রিত হয়ে সড়ক অবরোধ করেন।
ঘটনার খবর পেয়ে শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) জনাব অলি মিয়া দ্রুত ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠান। পরে উপস্থিত এসআই হাবিবুর রহমান ভ্যানচালকদের সাথে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং উভয় পক্ষের মধ্যে আলোচনার আশ্বাস দেন।
বিকাল ৫টায় ভ্যানচালকদের পক্ষ থেকে শালিখা থানায় একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।
পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক বলে জানিয়েছে পুলিশ।




















