বাবুগঞ্জে প্রধান শিক্ষক সেলিম রেজার অবসরজনিত বিদায়ী সংবর্ধনা
বরিশালের বাবুগঞ্জ উপজেলার সৈয়দ মোশারফ-রশিদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজাকে চাকরি থেকে অবসরজনিত বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে সোমবার (৭ সেপ্টেম্বর) ৫৩তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাকে ওই সংবর্ধনা দেওয়া হয়। এসময় তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না, উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহমেদ খান এবং সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন জোবায়েদা আকতারের সভাপতিত্বে উপস্থিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক মোস্তাফিজুর রহমান ফারুক এবং সংবর্ধিত বিদায়ী প্রধান শিক্ষক সেলিম রেজা।
ডিক্রির চর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ.এম ইউসুফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে এসময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাশেদ খান মেনন মডেল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আবু জাফর শিকদার, কেদারপুর সোনার বাংলা হাইস্কুল ও কলেজের অধ্যক্ষ মঞ্জুর রহমান টুটুল বিশ্বাস, সরকারি বাবুগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা ইব্রাহিম খলিল, রাকুদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান তালেব, শিক্ষক সমিতির নেতা গিয়াস উদ্দিন জাহাঙ্গীর, আবু জাফর সালেহ, উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক নজরুল ইসলাম বাদশা, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি ও সুজন সম্পাদক আরিফ আহমেদ মুন্না, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসরাত জাহান নীনা, কানিজ ফাতেমা শিল্পী প্রমুখ।
উল্লেখ্য, বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের দরিয়াবাদ গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান সেলিম রেজা শিক্ষাজীবন শেষ করে ১৯৮৭ সালে মোহনগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপরে রাজধানীর ডেমরা এলাকার ডলফিন প্রি-ক্যাডেট হাইস্কুলে কিছুদিন শিক্ষকতা করার পরে ১৯৯০ সালে তিনি গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা হিসেবে যোগদান করেন। ২০০৭ সাল পর্যন্ত গ্রামীণ ব্যাংকেই চাকরি করেন তিনি। এরপরে ২০০৭ সালেই তিনি বাবুগঞ্জ উপজেলার মহিষাদী গ্রামে অবস্থিত সৈয়দ মোশারফ-রশিদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন এবং সেখানেই চলতি ২০২৬ সালের ১৫ আগস্ট তাঁর শিক্ষকতার শেষ কর্মদিবস সমাপ্ত করেন। বর্ণাঢ্য কর্মময় জীবনে তিনি শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তিনি বাবুগঞ্জ উপজেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন) কমিটির আজীবন সদস্য ও বর্তমান সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়াও পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) সদস্য হিসেবে শাস্তি ও সামাজিক সম্প্রীতি রক্ষায় কাজ করছেন সেলিম রেজা। এর বাইরে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানেও সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি। #



















