বাবুগঞ্জে ৫৩তম জাতীয় আন্তঃক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
বরিশালের বাবুগঞ্জে মাধ্যমিক পর্যায়ে স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ৫৩তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ অডিটিরিয়ামে অনুষ্ঠিত বর্ণাঢ্য ওই সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না, উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহমেদ খান এবং সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন জোবায়েদা আকতারের সভাপতিত্বে উপস্থিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক মোস্তাফিজুর রহমান ফারুক এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন) বাবুগঞ্জ উপজেলা সভাপতি প্রধান শিক্ষক সেলিম রেজা।
ডিক্রির চর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ.এম ইউসুফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে এসময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাশেদ খান মেনন মডেল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আবু জাফর শিকদার, কেদারপুর সোনার বাংলা হাইস্কুল ও কলেজের অধ্যক্ষ মঞ্জুর রহমান টুটুল বিশ্বাস, সরকারি বাবুগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা ইব্রাহিম খলিল, রাকুদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান তালেব, শিক্ষক সমিতির নেতা গিয়াস উদ্দিন জাহাঙ্গীর, আবু সালেহ, উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক নজরুল ইসলাম বাদশা, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি ও সুজন সম্পাদক আরিফ আহমেদ মুন্না, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসরাত জাহান নীনা, কানিজ ফাতেমা শিল্পী প্রমুখ।
দিনভর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। এসময় প্রধান অতিথির বক্তৃতাকালে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা বলেন, ‘খেলাধুলা একটি আদর্শ জাতি গঠনে ব্যাপক ভূমিকা রাখতে পারে। তাছাড়া খেলাধুলার মাধ্যমে দেশকে বিশ্বের কাছে পরিচয় করিয়ে দেওয়া যায়। খেলাধুলা একদিকে শরীর সুস্থ রাখে, আরেকদিকে মনকে রাখে প্রফুল্ল। তরুণ সমাজকে মাদকের আগ্রাসন থেকে দূরে রাখতেও খেলাধুলার গুরুত্ব অপরিসীম। শিশু-কিশোরদের মোবাইলের প্রতি আসক্তি কমিয়ে, বিভিন্ন গেইমসের আসক্তি থেকে বের হয়ে খেলার মাঠে ফিরে আসতে হবে। এ ব্যাপারে সচেতনতা সৃষ্টির জন্য শিক্ষক এবং অভিভাবকদের ব্যাপক ভূমিকা রাখা প্রয়োজন। #



















