গৌরনদীতে ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
স্টাফ রিপোর্টারঃ
বরিশালের গৌরনদী উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল মঙ্গলবার রাতে উপজেলার টরকী বন্দর সংলগ্ন সুন্দরদী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সোহেল মোড়ল নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত সোহেল মোড়ল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং গোপনে ইয়াবা ক্রয়-বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে ডিবি পুলিশের এক কর্মকর্তা জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। গৌরনদীসহ জেলার বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় সচেতন মহল ডিবি পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের ধারাবাহিক অভিযান আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।



















