বাবুগঞ্জে বিডি ক্লিন নিয়ে নতুন ইতিহাস গড়লেন ইউএনও
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাজারবের খালটি শুধু একটা খাল নয়, এটি দুই ইউনিয়নের কয়েক হাজার কৃষকের বেঁচে থাকার অবলম্বন। মাধবপাশা ও রহমতপুর ইউনিয়নের কৃষকদের সবুজ কৃষির সোনালি স্বপ্ন আবর্তিত হয় এই খালটি ঘিরে। শুকনা মৌসুমে শত শত হেক্টর ফসলি জমিতে সেচ দেওয়া হয় রাজারবের খালের এই পানি দিয়েই। কিন্তু সেই খালটি ক্রমাগত দূষণ, ঝোপজঙ্গল আর কচুরিপানায় ভরে গিয়ে হয়েছিল মৃতপ্রায়। খালের প্রায় ৪ কিলোমিটার এলাকাজুড়ে ঘন কচুরিপানা জমা হয় বন্ধ হয়ে গিয়েছিল পানি প্রবাহ। কৃষক এবং পরিবেশের এমন নিদারুণ বিপর্যয় অনুভব করে স্বপ্রণোদিত হয়ে ময়লা আবর্জনাসহ এর কচুরিপানা অপসারণ করে খালটি সচল করার উদ্যোগ নিয়েছে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন। সরকারি অর্থ ব্যয় না করেই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নেওয়া হয়েছে এই অনন্য উদ্যোগ।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনার নেতৃত্বে শনিবার (১২ সেপ্টেম্বর) এই মৃতপ্রায় রাজারবের খালকে নতুন জীবন দেওয়ার যুদ্ধে নেমেছে স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। সংগঠনের প্রায় ২ শতাধিক স্বেচ্ছাসেবী কর্মী উদ্বোধনী দিনেই বিরতিহীনভাবে রাত পর্যন্ত কাজ করে পরিস্কার করেছে খালের প্রায় ২ কিলোমিটার জায়গাজুড়ে জমা হওয়া কচুরিপানা। শনিবার প্রধান অতিথি হিসেবে মহতী ওই কর্মযজ্ঞের শুভ উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, জাতীয় সংসদের প্যানেল স্পিকার ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

শনিবার সকালে রাজারবের খাল উদ্ধার অভিযানে নামা প্রায় ২ শতাধিক বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীকে সংগঠনের শপথবাক্য পাঠ করান প্রধান অতিথি এমপি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। এসময় মাধবপাশা ব্রিজের পাদদেশে এক সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল জেলা প্রশাসক মো. মামুন খন্দকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা, সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না, উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহমেদ খান এবং সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান।

সকাল থেকে প্রায় রাত ৮টা পর্যন্ত বিরতিহীন চলা ওই পরিচ্ছন্নতা অভিযানে অভিজ্ঞ বিডি ক্লিনের প্রায় ২ শতাধিক প্রশিক্ষিত ও সুশৃঙ্খল টিমের নেতৃত্ব দেন বরিশাল বিভাগীয় সমন্বয়কারী জায়েদ ইরফান এবং সহ-সমন্বয়কারী আরিফ হোসেন। উদ্বোধনের পরপরই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা নিজেও বিডি ক্লিন টিমের সাথে খালে নেমে পড়েন এবং নিজের হাতে কচুরিপানা পরিস্কার করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এবং ব্যাপক প্রশংসিত হয়।

বিডি ক্লিনের প্রশিক্ষিত টিমের পাশাপাশি বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইয়াসির আরাফাত মৃধার নেতৃত্বে ছাত্রদলের একটি স্বেচ্ছাসেবী দল, রহমতপুর ইউপির প্যানেল চেয়ারম্যান সুমন সিকদারের নেতৃত্বে রহমতপুর ইউনিয়নের একটি দল এবং চাঁদপাশা ইউপি সদস্য জাকির হোসেনের নেতৃত্বে আরেকটি স্বেচ্ছাসেবী দল রাজারবের খালে ওই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। এসময় সেখানে সুজন-সুশাসনের জন্য নাগরিক বাবুগঞ্জ উপজেলা সভাপতি সেলিম রেজা ও সম্পাদক আরিফ আহমেদ মুন্নার নেতৃত্বে সুজন-এর একটি স্বেচ্ছাসেবী দল ছাড়াও উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা নেতৃত্বে প্রায় ২ মাস আগে থেকে বাবুগঞ্জ উপজেলার ময়লা-আবর্জনা পরিস্কার, বৃক্ষরোপণ এবং সৌন্দর্যবর্ধনে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনকে সাথে নিয়ে নাগরিক সংগঠন সুজন-এর সহায়তায় একটি সামাজিক আন্দোলন শুরু করেছে উপজেলা প্রশাসন। ‘বাবুগঞ্জ ক্লিন অ্যান্ড গ্রীণ’ শীর্ষক ওই কর্মসূচির প্রাথমিক পর্যায়ে উপজেলার ১৯২টি শিক্ষা প্রতিষ্ঠানের ময়লা-আবর্জনা পরিস্কার করাসহ উপজেলার শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বহনযোগ্য এবং অটোমেটিক ঢাকনাযুক্ত আধুনিক ডাস্টবিন প্রদান করা হয়েছে। এর পাশাপাশি উপজেলার সকল হাট-বাজার এবং স্টেশনে নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলার জন্য স্থায়ী ডাস্টবিন স্থাপনের কাজ চলমান রয়েছে।

এছাড়াও উপজেলা প্রধান জনপথ রহমতপুর-মীরগঞ্জ সড়কের রহমতপুর থেকে খানপুরা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তার পাশে ঝোপজঙ্গল পরিস্কার করে সেখানে সৌন্দর্যবর্ধনের বাহারি সব বৃক্ষরোপণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন খালগুলো ময়লা-আবর্জনা ও কচুরিপানা মুক্ত করে পানি প্রবাহ সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার সকালে বাবুগঞ্জের প্রধান খাল রাজারবের উদ্ধার ও এর নবজীবন দানের ওই কর্মসূচি বিডি ক্লিনের মাধ্যমে বাস্তবায়ন করছেন ইউএনও আসমা উল হুসনা। #









