ছেলের সঙ্গে পূর্ব দ্বন্দ্বের জেরে পিতার উপর হামলা
স্টাফ রিপোর্টার: বরিশালের গৌরনদী উপজেলায় পূর্বের বিরোধের জেরে এক ব্যক্তির ওপর হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সরিকল ইউনিয়নের কুরিয়ার চর এলাকায় প্রায় দুই বছর আগে মিরাজ প্যাদারের ছেলের সঙ্গে সাইলু বেপারীর ছেলের মধ্যে কথা কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটে। সেই ঘটনার জের ধরে দীর্ঘদিন ধরে উভয় পরিবারের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি একাধিকবার শালিসের মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হলেও তা সফল হয়নি। বরং সাইলু বেপারীর পক্ষ থেকে বিচার চাওয়াকে কেন্দ্র করে মিরাজ প্যাদার পরিবারকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।
আহতের স্ত্রী জুলেখা বেগম জানান, গত ২ মে ২০২৬ তারিখে মিরাজ প্যাদার হোসনাবাদ বাজার থেকে বাড়ি ফেরার পথে নলগোড়া এলাকায় পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে তার পথরোধ করা হয়। এ সময় সাইলু বেপারী, তার ভাইপো নয়ন বেপারী এবং আতাহার মাস্টার তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। হামলায় আহত মিরাজ প্যাদাকে উদ্ধার করতে তার পরিবারে লোক আসলে তাদেরকে শারিরীক নির্যাতন ও তাদের উপর হামলা চালায় অভিযুক্ত ব্যক্তিরা।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ তারেক হাসান রাসেল জানান, ঘটনাটি নিয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।



















