মহান মে দিবসে গৌরনদীতে র্যালী ও শ্রমিক সমাবেশ
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি :
মহান মে দিবস ২০২৬ উপলক্ষে বরিশালের গৌরনদীতে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে গৌরনদী বাসস্ট্যান্ডস্থ দলীয় কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী শেষে উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ সাঈদের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, পৌর বিএনপির আহ্বায়ক মোঃ জাকির হোসেন শরীফ, সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুজ্জামান খোকন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আবুবকর এবং গণঅধিকার পরিষদের গৌরনদী উপজেলা সভাপতি সাংবাদিক সোলায়মান তুহিন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ সরোয়ার আলম বিপ্লব বলেন, “মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের অনুপ্রেরণার দিন। শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
বিশেষ অতিথি জহুরুল ইসলাম জহির তার বক্তব্যে বলেন, “মে দিবস শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের প্রতীক। শ্রমিকদের সম্মান, নিরাপত্তা ও ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করতে হলে সরকার, মালিকপক্ষ ও শ্রমিক তিন পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শ্রমিকদের সংগঠিত ও সচেতন হওয়ার বিকল্প নেই।”
সভাপতির বক্তব্যে মোঃ সাঈদ বলেন, “দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি শ্রমিকরা। তাদের অধিকার রক্ষায় শ্রমিক দল সবসময় পাশে থাকবে এবং যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবে।”
এছাড়াও বক্তব্য রাখেন গৌরনদী অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম ও উপজেলা শ্রমিক দল নেতা মনিরুজ্জামান। তারা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং শ্রম আইন বাস্তবায়নের দাবি জানান।
এদিকে একইদিন গৌরনদী বাসস্ট্যান্ডে ইমারত শ্রমিক ইউনিয়নের উদ্যোগে পৃথকভাবে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও ইমারত শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা প্রভাষক মোহাম্মদ আলী শরীফ ও মোঃ শহিদুল ইসলাম খান।
দ্বিতীয় কর্মসূচিতেও জহুরুল ইসলাম জহির বলেন, “নিরাপদ কর্মপরিবেশ, দুর্ঘটনা প্রতিরোধ এবং শ্রমিক কল্যাণ নিশ্চিত না হলে উন্নয়ন টেকসই হবে না। শ্রমিকদের অধিকার রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে।”
আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা মোহাম্মদ ইয়াসিন,মোহাম্মদ আলাউদ্দিন সরদার সহ অনেকেই।
দিনব্যাপী এসব কর্মসূচিতে বিপুল সংখ্যক শ্রমিক ও নেতাকর্মীর অংশগ্রহণে গৌরনদীতে মহান মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।



















