গৌরনদীতে পুরনো শত্রুতার জের ধরে হামলা ও লুটপাটের অভিযোগ
গৌরনদী প্রতিনিধি(রনি আহমেদ)
বরিশালের গৌরনদী উপজেলার আধুনা বড় দিঘিরপাড় শারিকল ইউনিয়নে পুরনো শত্রুতার জের ধরে তইয়ুব আলী মোল্লার বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে হামলা এবং লুট করার অভিযোগ উঠেছে একই এলাকার বাসিন্দা মুজাম্মেল হাওলাদার এর বিরুদ্ধে ।
তইয়ুব আলী অভিযোগ করে বলেন পূর্ব শত্রুতার কারণে একদল লোক জোরপূর্বক আমার ঘরে প্রবেশ করে হামলা চালায়। এ সময় ঘরের ভেতরে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে বলে অভিযোগ উঠেছে।
তইয়ুব আলী মোল্লা জানিয়েছেন, মুজাম্মেল হাওলাদারসহ সিয়াম হাওলাদার, শহিদ হাওলাদার, সোহাগ হাওলাদার এবং আরও অজ্ঞাত ১২ জন এই হামলায় জড়িত ছিলেন।
হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে এসে বাড়ির লোকজনকে মারধর করে এবং স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগীর দাবি, হামলায় প্রায় ৮ আনা ওজনের স্বর্ণের চেইন ১২ হাজার ৫০০ টাকা লুট হয়েছে এবং ঘরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে।
অন্যদিকে অভিযুক্তদের দাবি, ঘটনার সময় তারা কেউই বাড়িতে উপস্থিত ছিলেন না এবং তাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা।
ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে।

































