মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ
মাগুরা প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতরের আগমুহূর্তে মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামের একটি পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। আলোচিত জোড়া খুন মামলার বাদীর বাড়িতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে বসতঘর ও ঘরের সব আসবাবপত্র। এতে ঈদের আনন্দ পরিণত হয়েছে বিষাদে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৩০ ডিসেম্বর সবুজ মোল্লা ও রেজা মোল্লা নামে দুই সহোদরকে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্জন স্থানে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতদের পরিবার মামলা দায়ের করে, যা বর্তমানে বিচারাধীন রয়েছে। মামলার চারজন আসামি ইতোমধ্যে জামিনে মুক্ত রয়েছেন।
পরিবারের অভিযোগ, গত বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬), ঈদের আগের রাতে গভীর রাতে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাদের বসতঘরে অগ্নিসংযোগ করে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে মুহূর্তেই পুরো ঘর পুড়ে যায়। খবর পেয়ে মহম্মদপুর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ঘরের পালঙ্ক, সাইকেল, কৃষিকাজের সার, মজুদকৃত ধনে ও মসুর ডালসহ সবকিছুই ভস্মীভূত হয়।
নিহতদের ভাই আবুল কালাম মোল্লা ও বাবা মঞ্জুর মোল্লা জানান, “আগেই দুই ছেলেকে হারিয়েছি, এখন ঘরবাড়ি পুড়িয়ে আমাদের পথে বসানো হলো। সেদিন ঘরে কেউ না থাকায় প্রাণে বেঁচে গেছি, কিন্তু আমাদের ঈদ এখন শুধুই কান্না।”
পরিবারের সদস্যরা দাবি করেন, মামলাটি তুলে নিতে ভয়ভীতি প্রদর্শন কিংবা প্রতিশোধমূলকভাবে এই অগ্নিসংযোগ করা হয়েছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও জোড়া খুন মামলার বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এদিকে, ফায়ার সার্ভিস ও স্থানীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নহাটা পুলিশ তদন্ত ক্যাম্পের দায়িত্বরত এসআই কৃষ্ণ বাবু জানান, ভুক্তভোগী পরিবার মৌখিকভাবে অভিযোগ করেছে। তাদেরকে মহম্মদপুর থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া































