অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সঙ্গে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে উভয়ের মধ্যে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক, গণমাধ্যমের উন্নয়ন, তথ্যপ্রযুক্তির প্রসার এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।
বৈঠকে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বর্তমান সরকারের জনকল্যাণমুখী বিভিন্ন কর্মসূচির ইতিবাচক দিক তুলে ধরেন। তিনি বলেন, সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব উদ্যোগের মাধ্যমে নিম্ন ও মধ্যআয়ের মানুষের জীবনযাত্রা সহজ হয়েছে এবং কৃষকদের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা সম্ভব হচ্ছে।
আলোচনায় তথ্যমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের বিষয়টিও উল্লেখ করেন। তিনি বলেন, এআই এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারের মাধ্যমে বিশ্বব্যাপী ভুল তথ্য ও অপতথ্য ছড়িয়ে পড়ার প্রবণতা উদ্বেগজনক। এ ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, গণমাধ্যমের দায়িত্বশীলতা এবং আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা হয় এবং দুই দেশের সম্পর্ক আরও জোরদারে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করেন।























