গৌরনদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
স্টাফ রিপোর্টারঃ
বরিশালের গৌরনদী উপজেলা-তে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে গরু মোটাতাজাকরণে ক্ষতিকর স্টেরয়েড ও হরমোন ব্যবহার প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বিভিন্ন পশুখাদ্য ও ওষুধ বিক্রয় প্রতিষ্ঠানে তদারকি করা হয়।
অভিযান চলাকালে ক্ষতিকর হরমোন ও স্টেরয়েড বিক্রির দায়ে একজন ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে তাকে ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এছাড়া পশুখাদ্য বিক্রির বৈধ লাইসেন্স না থাকায় অপর এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এদিন মোট ৩৩ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
একই দিনে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ দালাল ও রোগী হয়রানি প্রতিরোধে পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওষুধ কোম্পানির প্রতিনিধি ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্টদের কাছ থেকে মুচলেকা গ্রহণ করা হয়। মুচলেকায় উল্লেখ করা হয়, ভবিষ্যতে তাদের বা তাদের কোনো প্রতিনিধি রোগী হয়রানি কিংবা দালালির সঙ্গে জড়িত থাকলে কঠোর আইনগত ব্যবস্থা ও কারাদণ্ড প্রদান করা হবে।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ভেটেরিনারি সার্জন এবং গৌরনদী মডেল থানা পুলিশ এর সদস্যরা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


























