গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালবিরোধী অভিযান
রনি আহমেদ, গৌরনদী প্রতিনিধি:
বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ দালালচক্র ও অবৈধভাবে স্টেরয়েড বিক্রির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশের বিভিন্ন ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন গৌরনদী উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান। এসময় প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড ওষুধ বিক্রির অভিযোগে কয়েকটি ফার্মেসিকে সতর্ক করা হয় এবং সংশ্লিষ্টদের আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।
অভিযান চলাকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার অভিযোগে দুই বহিরাগতকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, হাসপাতাল এলাকায় দালালচক্রের কোনো ধরনের অপতৎপরতা বরদাশত করা হবে না এবং সাধারণ রোগীদের হয়রানি রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এদিকে একই দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ব্যবস্থাপনায় রেবিস প্রতিরোধী “রেবিক্স” ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে স্থানীয় জনগণের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তারা আশা প্রকাশ করেন, নিয়মিত তদারকি অব্যাহত থাকলে হাসপাতালের সেবার মান আরও উন্নত হবে এবং দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

























