জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের নেতাকে হেনস্থার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী (বরিশাল):
বরিশালের গৌরনদীতে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত উপজেলা প্রশাসনের এক অনুষ্ঠানে বিএনপির শরিক দল গণঅধিকার পরিষদের উপজেলা শাখার সভাপতি ও সাংবাদিক সোলায়মান তুহিনকে হেনস্থার অভিযোগ উঠেছে। বুধবার (৫ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগের বিষয়ে বৃহস্পতিবার গণঅধিকার পরিষদের গৌরনদী উপজেলা শাখার সভাপতি সোলায়মান তুহিন বলেন, উপজেলা প্রশাসনের আমন্ত্রণে অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তব্য দেওয়ার সময় স্বেচ্ছাসেবক দলের উপজেলা সভাপতি কামাল হোসেন বিপ্লব, পৌর যুবদলের আহ্বায়ক জাকির (বাচ্চু) শিকদার, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হীরা রহমান সাদ্দামসহ কয়েকজন নেতাকর্মী তাকে হেনস্থা করেন।
তার দাবি, রাজনীতির পাশাপাশি সাংবাদিকতা পেশায় থাকায় বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখতে হয়েছে। সাবেক এক সংসদ সদস্যের সঙ্গে তোলা একটি ছবি দেখিয়ে তাকে প্রকাশ্যে বিব্রত করা হয়। বিষয়টি তিনি দলের ঊর্ধ্বতন নেতাদের অবহিত করেছেন বলেও জানান।
এ বিষয়ে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মো. ইলিয়াস মিয়া বলেন, সরকারি অনুষ্ঠানে আমন্ত্রিত একজন প্রতিনিধিকে বক্তব্য দিতে বাধা দেওয়ার চেষ্টা অনভিপ্রেত এবং গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। একই ধরনের অভিযোগ অনুষ্ঠানে উপস্থিত আরও অনেকের বিরুদ্ধেও থাকলেও শুধুমাত্র সোলায়মান তুহিনকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে তিনি প্রশ্ন তোলেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হীরা রহমান সাদ্দাম বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন।
অন্যদিকে, অভিযোগে নাম আসা গৌরনদী পৌর যুবদলের আহ্বায়ক জাকির (বাচ্চু) শিকদার এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
ঘটনার বিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম বলেন, স্থানীয় সিনিয়র রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব বলেন, এটি একটি রাজনৈতিক ভুল বোঝাবুঝির ঘটনা। গণঅধিকার পরিষদের সিনিয়র নেতাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং পারস্পরিক আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করা হবে।



















