বাবুগঞ্জের ইদিলকাঠী বাহেরচর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষানুরাগী যুবনেতা রকিবুল হাসান খান রাকিব
বরিশালের বাবুগঞ্জে ইদিলকাঠী বাহেরচর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এডহক) সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও জাতীয়তাবাদী যুবদলের বাবুগঞ্জ উপজেলা আহবায়ক যুবনেতা রকিবুল হাসান খান রাকিব। সোমবার (২৯ জুন) তাকে সভাপতি নির্বাচিত করে পরিপত্র জারি করেছে বরিশালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড। বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. সাইফুর রহমান হাওলাদার স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
এদিকে তাকে সভাপতি নির্বাচিত করায় আনন্দোচ্ছ্বাস প্রকাশ করেছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট এলাকাবাসী। জাতীয়তাবাদী যুবদল ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের শুভেচ্ছা অভিনন্দনে ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যম। তিনি সভাপতি নির্বাচিত হওয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে অনেকেই অভিনন্দন জানিয়ে বিভিন্ন প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন। যুবদলের নেতাকর্মীদের মাঝেও উচ্ছ্বাস-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
উল্লেখ্য, যুবনেতা রকিবুল হাসান খান রাকিব ২০২৫ সালের ১২ সেপ্টেম্বর নিজ শিক্ষা প্রতিষ্ঠানের জন্মলগ্ন থেকে অবসরপ্রাপ্ত সকল শিক্ষকদের রাজসিক বিদায়ী সংবর্ধনা দিয়ে সর্বমহলে ব্যাপক আলোচিত এবং প্রশংসিত হন। এছাড়াও তিনি কৃতি শিক্ষার্থীদের অনুদান, বৃত্তি, সংবর্ধনা প্রদান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনুদান ও উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত থাকাসহ দেহেরগতি ইউনিয়নের শিক্ষাবিস্তারে দীর্ঘদিন বিভিন্ন অবদান রেখে আসছেন। এলাকায় ধর্মীয় ও নৈতিক শিক্ষার বিকাশেও তিনি বিভিন্ন মসজিদ-মাদ্রাসা ও এতিমখানা উন্নয়নে কাজ করে আসছেন। এছাড়াও ক্রীড়া ও সংস্কৃতির বিকাশে মৌসুমভিত্তিক বিভিন্ন ক্রীড়া উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের নিয়মিত আয়োজন করে আসছেন তিনি।
ইদিলকাঠী বাহেরচর মাধ্যমিক বিদ্যালয়ের একাধিক শিক্ষক এবং অভিভাবকরা বলেন, ‘শিক্ষানুরাগী ও সমাজসেবক যুবনেতা রকিবুল হাসান খান রাকিবকে সভাপতি হিসেবে পেয়ে এই শিক্ষা প্রতিষ্ঠান ধন্য এবং গর্বিত। তিনি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিছু নিতে নয়, সবসময় দিতে আসেন। এমন একজন আলোকিত মানুষকে নির্বাচিত করায় বরিশাল শিক্ষাবোর্ডকে আমরা ধন্যবাদ জানাই। আমরা বিশ্বাস করি, তাঁর সুযোগ্য নেতৃত্বে এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নসহ সার্বিক উন্নয়ন অগ্রযাত্রা আরো গতিশীল হবে। তাঁর হাত ধরেই দেহেরগতি ইউনিয়নের এই গ্রামীণ জনপদে শিক্ষার বিস্তারের মাধ্যমে জ্ঞানের আলো ছড়িয়ে পড়বে।’ #



















