গৌরনদীতে ভাতাভুক্ত ও অঙ্গীভূত আনসার সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি, গৌরনদী:
বরিশালের গৌরনদী উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) কার্যালয়ে ভাতাভুক্ত ও অঙ্গীভূত আনসার সদস্যদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ নুরুল আবছার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট রাকিবুল ইসলাম।
গৌরনদী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাজনুছ রহমান আকলিমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা পুরুষ ট্রেনিং ইন্সপেক্টর আমিরুল ইসলাম, মহিলা ট্রেনিং ইন্সপেক্টর উম্মে হাবিবা, গৌরনদী পৌরসভা দলনেতা রাজিব তালুকদার, ইমরান হোসেন, রনি আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় গৌরনদী উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভার দলনেতা, দলনেত্রী, কোম্পানি কমান্ডার এবং সহকারী কোম্পানি কমান্ডাররা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা আনসার ও ভিডিপি বাহিনীর শৃঙ্খলা, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পাশাপাশি বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, জননিরাপত্তা রক্ষা এবং সামাজিক উন্নয়নে আনসার বাহিনীর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা আরও বলেন, বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের মাধ্যমে আনসার ও ভিডিপি বাহিনীর আধুনিকায়ন, সদস্যদের কল্যাণ এবং সুযোগ-সুবিধা বৃদ্ধিতে নানা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এসব উদ্যোগের ফলে বাহিনীর সদস্যরা আরও উৎসাহ ও দায়িত্বশীলতার সঙ্গে দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনসেবামূলক কর্মকাণ্ডে ভূমিকা পালন করে যাচ্ছেন।





































