শালিখায় প্রতিবন্ধী ব্যক্তিদের ২ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সমাপ্ত
মাগুরা প্রতিনিধি:সুবির ঘোষ।
মাগুরা শালিখা উপজেলায় প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রতিবন্ধীতার ঝুঁকিতে থাকা সাধারণ মানুষের জন্য আয়োজিত ২ দিনব্যাপী বিনামূল্যে ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প (ফিজিওথেরাপী) আজ বৃহস্পতিবার সফলভাবে সমাপ্ত হয়েছে।
মাগুরার প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এই বিশেষ ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। এতে সার্বিক সহযোগিতা প্রদান করে শালিখা উপজেলা প্রশাসন।
বুধবার ও বৃহস্পতিবার—এই ২ দিনব্যাপী ক্যাম্পটি শালিখা উপজেলা চত্বরে পরিচালিত হয়। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এলাকার বিপুল সংখ্যক রোগীকে বিনামূল্যে বিশেষায়িত স্বাস্থ্যসেবা, ফিজিওথেরাপী ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে।
ক্যাম্প চলাকালীন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী থেরাপি ভ্যানটি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি চলমান চিকিৎসা কার্যক্রমে গভীর সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এলাকার মানুষের কল্যাণে এ ধরনের মানবিক উদ্যোগে সব ধরনের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত মোবাইল রিহ্যাবিলিটেশন ভ্যানের মাধ্যমে এই ক্যাম্পে নিরলসভাবে চিকিৎসা সেবা প্রদান করেন ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট ডা. মো. মাসুদ উর রহমান, সহকারী ফিজিওথেরাপি কর্মকর্তা মো. মইন খান এবং টেকনিশিয়ান মৃণাল বিশ্বাস।
২ দিনব্যাপী এই ক্যাম্পে মূলত যেসব রোগের চিকিৎসাসেবা ও বিশেষজ্ঞ পরামর্শ দেওয়া হয়েছে:
স্ট্রোক ও প্যারালাইসিস
বাত-ব্যথা (ঘাড়, কোমর ও হাঁটু ব্যথা)
আঘাতজনিত ব্যথা ও মাংসপেশির ব্যথা
জয়েন্ট শক্ত হয়ে যাওয়া
হাত-পা অবশ বা ঝিনঝিন করা
মুখ বেঁকে যাওয়া (ফেসিয়াল পালসি)
অটিজম ও সেরিব্রাল পালসি
অন্যান্য প্রতিবন্ধী সংক্রান্ত শারীরিক সমস্যা
উপজেলা পর্যায়ে মোবাইল ভ্যানের মাধ্যমে বাড়ির কাছে এমন উন্নত ফিজিওথেরাপী সেবা ও বিনামূল্যে পরামর্শ পেয়ে এলাকার প্রতিবন্ধী ও বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত রোগীরা অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।





































