বাবুগঞ্জে রাজপথ পাহারায় যুবদলঃ মিছিল-সমাবেশ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সন্ত্রাস, নাশকতা, নৈরাজ্য কিংবা যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিহত করতে বরিশালের বাবুগঞ্জে বিভিন্ন সড়ক-মহাসড়ক পাহারা দিয়েছে জাতীয়তাবাদী যুবদল। একইসাথে সাংগঠনিক সপ্তাহ উপলক্ষ্যে কেন্দ্র ঘোষিত প্রতিবাদ মিছিল-সমাবেশ কর্মসূচিও পালন করেছে তারা।
বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক রকিবুল হাসান খান রাকিবের নেতৃত্বে সোমবার বিকাল থেকে মঙ্গলবার রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়কে পাহারা বসায় যুবদলের নেতাকর্মীরা। এছাড়াও সাংগঠনিক সপ্তাহ উপলক্ষ্যে কেন্দ্র ঘোষিত অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকেলে যুবদলের ওই বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে রহমতপুর ব্রিজ ও বাজার প্রদক্ষিণ করে বিমানবন্দর মোড়ে এসে শেষ হয়। এসময় সেখানে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে যুবদল আহবায়ক রকিবুল হাসান খান রাকিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক রফিকুল ইসলাম রাফিল, সদস্য সচিব এবায়দুল হক, যুগ্ম-আহবায়ক মাহমুদুল হাসান লিমন সিকদার, এইচ.এম রিয়াজ মাহমুদ, ইশতিয়াক আহমেদ ভিপি জুয়েল, উজ্জ্বল হাওলাদার প্রমুখ। বক্তারা, আওয়ামী লীগের নৈরাজ্য, বিশৃঙ্খলা প্রতিহত করতে রাজপথে থাকার ঘোষণা দিয়ে সকল ধরনের অপপ্রচার, গুজব এবং শিষ্টাচার বহির্ভূত রাজনীতি বন্ধের আহবান জানান।
বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক রকিবুল হাসান খান রাকিব বলেন, ‘জনগণের জানমালের নিরাপত্তায় সর্বদা রাজপথে থেকে প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবে যুবদল। গতকাল বিকাল থেকে এখন পর্যন্ত নিষিদ্ধ সংগঠনের যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, নাশকতা এবং বিশৃঙ্খলা ঠেকাতে আমরা মাঠে রয়েছি। ভবিষ্যতেও যেকোনো নৈরাজ্য প্রতিহত করে জনগণের পাশে থাকবে বাবুগঞ্জ উপজেলা যুবদল।’




































