বাবুগঞ্জে কৃষি প্রণোদনার আমন বীজ ফলদ চারা ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন
বরিশালের বাবুগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনার আমন ধানের বীজ, ফলদ গাছের চারা এবং জৈব ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগ সোমবার উপজেলা কৃষি প্রশিক্ষণ মিলনায়তনে ওই প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না। বাবুগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আবদুর রউফের সভাপতিত্বে এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আবদুল করিম হাওলাদার, উপজেলা কৃষক দলের সভাপতি আরিফুর রহমান রতন তালুকদার, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি ও সুজন সম্পাদক আরিফ আহমেদ মুন্না, বাবুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আতিকুর রহমান সুমন ও সৈয়দা রোমানা আফরোজ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা বলেন, ‘মনেপ্রাণে আমরা সবাই কৃষক। আমাদের পূর্বপুরুষ সবাই কৃষির সাথে জড়িত ছিলেন। আমাদের সবার ভেতরে একটা কৃষক সত্তা বসবাস করে। বর্তমান সরকার কৃষির উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আপনারা যারা আজকে এই কৃষি প্রণোদনার বীজধান, ফলের চারা এবং সার পাচ্ছেন তারা দয়াকরে এর সঠিক ব্যবহার করবেন। যাদের প্রয়োজন তারাই এই প্রণোদনা গ্রহণ করবেন। বিনামূল্যে পেয়েছেন বলে সরকারি জিনিস কেউ দয়াকরে নষ্ট করবেন না। একটা বীজ বা চারা একটা গাছের জন্ম দেয়। তবে সেজন্য পরিচর্যা করতে হয়। আমরা সবাই মিলে দায়িত্ব নিয়ে কৃষির উন্নয়নে কাজ করলে সুজলা সুফলা বাবুগঞ্জ গড়তে পারবো।’
বাবুগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আবদুর রউফ জানান, ‘২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিফ-২ মৌসুমে এবার উপজেলার ১ হাজার ২০০ কৃষক পাচ্ছেন উন্নত উফশী জাতের রোপা আমন ধানের ৫ কেজি করে বীজের সাথে ২০ কেজি সার। ১৫০ জন মরিচ চাষী পাচ্ছেন হাইব্রিড বীজের সাথে ১০ কেজি করে সার। এছাড়াও ৬০০ কৃষক উন্নত জাতের নারকেল চারা, ১৫০ জন আমড়া চারা, ১০০ জন আম চারা এবং ২৫ জন কৃষক পাচ্ছেন বারি-১ জাতের মাল্টা চারা। প্রত্যেক কৃষক ৫টি করে চারার সাথে পাচ্ছেন বাঁশের খুঁটি এবং ১৫০ কেজি করে জৈব (গোবর) সার। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা করতে সরকারি আরো প্রণোদনা বরাদ্দ প্রক্রিয়াধীন আছে। #





































