গৌরনদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও ফলদ বৃক্ষের চারা বিতরণ
গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের গৌরনদী উপজেলা-তে কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং কৃষকদের উৎসাহিত করতে সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি অফিসের উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মোঃ সেকেন্দার শেখ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে এবং ফলদ বৃক্ষ রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারের এ ধরনের প্রণোদনা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা কৃষকদের বিতরণকৃত বীজ ও চারা যথাযথভাবে ব্যবহার করে অধিক উৎপাদন নিশ্চিত করার আহ্বান জানান।
পরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার আওতায় উন্নতমানের বীজ ও বিভিন্ন জাতের ফলদ বৃক্ষের চারা বিনামূল্যে বিতরণ করা হয়। এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা, কৃষক প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কৃষকরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃষি উৎপাদন বৃদ্ধিতে এ ধরনের সহায়তা অব্যাহত রাখার দাবি জানান।





























