গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে মাদকসেবী আটক, এক বছরের কারাদণ্ড
গৌরনদী প্রতিনিধি: বরিশালের গৌরনদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হরিসেনা কাসেমাবাদ এলাকায় মঙ্গলবার (১৬ জুন) মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
অভিযান চলাকালে মাদকসেবনরত অবস্থায় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে বিভিন্ন বিশৃঙ্খল কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এমনকি গত রাতেও তিনি নিজের মা-বাবার ওপর নির্যাতন চালিয়েছেন বলে তারা মোবাইল কোর্টকে জানিয়েছেন। তার এসব কর্মকাণ্ডে এলাকাবাসীও অতিষ্ঠ ছিল বলে জানা গেছে।
পরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্তকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করা হয়। আদালত তাকে ১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গৌরনদী সার্কেল সহযোগিতা করে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি অভিভাবকদের সন্তানদের প্রতি অধিক যত্নশীল ও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
























